দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারে দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুমের ওপর হামলার মামলার প্রধান আসামি ও শীর্ষ মাদক কারবারি শামীমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১০ জুন) কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানিয়েছিলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দীর্ঘদিন গ্রেপ্তার না হওয়া এবং সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও তিন পুলিশ কর্মকর্তাকে সাভার থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল।
গত ২২ মে দুপুরে মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় যান দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম। এ সময় স্থানীয় মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ চক্র তাদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিহ্নিত মাদক কারবারিরা দুই সংবাদকর্মীকে জিম্মি করে স্থানীয় একটি গ্যারেজে নিয়ে যায়। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়। হামলাকারীরা দেশ টেলিভিশনের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে এবং ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড নিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই সংবাদকর্মীকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর পুলিশ চারজনকে আটক করে। তবে মাদক সিন্ডিকেটের মূল হোতা ও অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়।
/অ